স্বাধীন ভারতে প্রথম কোনও নারীর নামে রেল স্টেশন, জানেন তিনি কে?

|

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারতবর্ষে প্রথম কোনও নারীর নামে রেল স্টেশন। সে এক গর্বের ইতিহাস! হাওড়া- বর্ধমান কর্ড লাইনে একটি রেলস্টেশনেের নাম আছে বেলানগর। হাওড়া থেকে বর্ধমান যেতে বালির পরের স্টেশন, কর্ড লাইনে। এর পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন কংগ্রেস থেকে বেরিয়ে এলেন। নেতাজির সঙ্গে বেরিয়ে এলেন তাঁর ভাইঝি বেলা বসুও।

নেতাজি তখন আজাদ হিন্দ বাহিনী গঠন করেছেন। বেলা আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের দায়িত্ব পেলেন। কলকাতা থেকে গোপনে রেডিও ট্রানসমিটার মারফত সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনীকে এখানকার খবর সব পাঠাতেন। সেই সঙ্গে আনুষঙ্গিক তথ্য। আজাদ হিন্দ বাহিনীর সিক্রেট সার্ভিসের একটি বড় দায়িত্বে ছিলেন আরেক জন স্বাধীনতা সংগ্রামী। তাঁর নাম হরিদাস মিত্র।

হরিদাস মিত্রের সঙ্গে বিবাহ হল বেলার। বেলা বসু হয়ে উঠলেন বেলা মিত্র। বেলা মিত্র দেশ স্বাধীন হওয়ার পর ডানকুনির কাছে উদ্বাস্তুদের পুনর্বাসনে কাজ করতে শুরু করেন। অক্লান্ত পরিশ্রম করার ফলে মাত্র বত্রিশ বছরে বেলা মিত্র চলে গেলেন। ১৯৫৮ সালে সংলগ্ন এলাকায় বেলা মিত্রের স্মৃতি রক্ষার্থে একটি রেলস্টেশন স্থাপন করা হয়।

সেই রেল স্টেশনটিই হল আজকের বেলানগর রেল স্টেশন। স্বাধীন ভারতে বেলানগর রেল স্টেশনই হ’ল কোনও নারীর নামে প্রথম রেলস্টেশন। এখানেই শেষ নয়।।শেষে আর একটা বড় চমক অপেক্ষা করছে। এই বেলা মিত্র হলেন রাজ্যের অর্থমন্ত্রী ড.অমিত মিত্রের মা। বাবা হলেন হরিদাস মিত্র। রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার।

এক বছর আগে শতবর্ষ পেরিয়ে গেছে বেলা মিত্রের (১৯২০- ১৯৫২)। এখনও হরিদাস মিত্র ছবি রয়েছে রাজ্য বিধানসভায়। এবার যখন ট্রেনে করে বেলানগর স্টেশনের ওপর দিয়ে যাবেন, আশা করি সেই মহীয়সী নারীর কথা নিশ্চয় মনে পড়বে। হয়’ত ট্রেনের জানলা দিয়ে দেখতে দেখতে অজান্তে একটি হাত কপালে উঠে আসতে পারে। একটু দীর্ঘশ্বাস!

আরও পড়ুন