দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর

|

রানার ডেস্ক : উস্কানি মূলক ভাষণ, হুমকি এবং অবমাননাকর বক্তব্যের জন্য রাজ্যে বহু জায়গায় হিংসা মাথাচাড়া দিয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে, সুতরাং দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগকারী বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর বানিব্রত ব্যানার্জি। বিধাননগর দক্ষিণ পুলিশ থানায় এই মর্মে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, দিলীপ ঘোষ তার ভাষণে বলেছেন, আগামী দিনে পুলিশ এবং সরকারি কর্মীদের তাঁর পায়ের নিচে বসে কাজ করতে হবে। এমনকি বেহালার এক ওয়ার্ড কোঅর্ডিনেটরকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। বলেছেন , ওই কো-অর্ডিনেটরকে জামা-কাপড় খুলে প্রকাশ্যে পেটানো হবে। বানিব্রত অভিযোগ করেছেন, দিলীপ ঘোষ তাকেও মেরে মাটিতে পুঁতে দেবার হুমকি দিয়েছেন।

উত্তর চব্বিশ পরগনায় এক জনসভাতে ভাষণ দিতে গিয়ে তাকে এই হুমকি দেন দিলীপ। তিনিও বহু আলোচিত সেই বারমুডা প্রসঙ্গে তুলে একে একে ভয়ংকর অবমাননাকর মন্তব্য হিসাবে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, রাজ্যে ঘুরে ঘুরে টানা উষ্কানীমূলক ভাষণ দিয়ে গেছেন দিলীপ ঘোষ।

যে ভাষণের জেরে বহু জায়গায় অশান্তি হয়েছে, মারামারি হয়েছে। এমনকি ভোটের ফল প্রকাশের পর দিলীপ ঘোষের উষ্কানীমূলক ভাষণের জেরেই রাজ্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এবং যার ফলে ২০ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে এফআইআর-এ অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন