আজ ভোট নেই, মা-এর ডিম-ভাতও নেই

|

রানার ডেস্ক : কাউকে কিছু জানানোরই প্রয়োজন মনে করল না আলিপুরদুয়ার পুরসভা। আচমকা সোমবার থেকে মায়ের রান্নাঘরের ঝাঁপ বন্ধ করে দেয়ায় হলো। লকডাউনের মধ্যে বিপদে পড়লেন প্রায় দুশোর বেশি মানুষ। প্রতিদিন এই ক্যান্টিনে খেতে আসেন এমন মানুষের সংখ্যা দুশোর বেশি। পাঁচ টাকায় এখানে পাওয়া যায়, ভাত-ডাল-সবজি-ডিম ঝোল।

ভোটের আগে ঢাক ঢোল পিটিয়ে এই প্রকল্প ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বলা হয়েছিল, দরিদ্র মানুষ যাতে অন্তত পেট ভরে একবেলা খেতে পারেন সেই উদ্দেশ্যে রাজ্যজুড়ে খোলা হচ্ছে মায়ের ক্যান্টিন। এরপরই চালু হয় পাঁচ টাকার মিল। শুরুতে হইহই করে চালু হলেও, ভোট পর্ব মিটতেই ইতিউতি অভিযোগ উঠতে শুরু করেছে ক্রমশ।

কোথাও সবজি অনুপস্থিত, কোনও দিন কোনও জায়গা থেকে অভিযোগ আসছে ডিম হয়ে গেছে অর্ধেক। এই রকম অভিযোগ ছিল বিস্তর। এবার অভিযোগ একেবারেই আলাদা। কোনও বিজ্ঞপ্তি ছাড়াই চুপিসারে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার পুরসভা পরিচালিত ক্যান্টিন। লকডাউনে যখন বিপুল সংখ্যক মানুষ দৈনিক রোজগার হারিয়েছেন, যখন লোকালয়ে খাবার দোকান বন্ধ, তখনই বেশি প্রয়োজন ছিল এই ক্যান্টিনের।

বিরোধীরা বলছে, এই সরকার কবে আবার মানুষের কথা ভেবে কাজ করলো। মানুষের জন্য যেটাই করে সেটাই ভোটের লাভ-ক্ষতির অংক কষে করে থাকে। এখন ভোট নেই , তাই অহেতুক খাইয়ে লাভ নেই, তাই মানুষের প্রতি ভালোবাসাও উবে গেছে কর্পূরের মতো। যদিও পুর কর্তৃপক্ষ জানিয়েছে, বিরোধীদের যা কাজ তাই করছে, এসব সমালোচনা ভিত্তিহীন। সাম্প্রতিক কিছু সমস্যার জন্য মায়ের ক্যান্টিন বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আগামী মাসে আবার খোলার চেষ্টা হবে।

আরও পড়ুন